চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সাবধানের মার নেই। আর এই আপ্তবাক্যকে সামনে রেখে রাজ্যের পুলিশ-প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উত্তরকন্যায় প্রশাসনিক সভায় জঙ্গিদের নিয়ে তিনি সতর্কবার্তা দিয়েছেন। পুলিশ নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, পুলিশকে অ্যালার্ট থাকতে বলেছি। কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। সরকারি ব্যক্তি ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না। এতবড় রাজ্য অনেকগুলি রাজ্যের সঙ্গে যেমন বাংলার সীমান্ত আছে তেমনই আছে বিরাট আন্তর্জাতিক সীমানা। ফলে অপকর্ম করার জন্য অপেক্ষাকৃত সহজ এই রাজ্যে আসা।
সেটা কোনও ভাবেই হতে দিতে চান না মুখ্যমন্ত্রী তাই তিনি পুলিশ-প্রশাসনকে চূড়ান্ত সতর্ক থাকতে বলেছেন। ‘আমি শুনছি অনেক বাইরের লোক আসছে। কেউ অসম থেকে, কেউ এধার থেকে কেউ অধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমাদের সমর্থকের কাছেও তার তার প্যান কার্ড নম্বর, তার আধার কার্ড নম্বর, তার ফোন নম্বর– সে কী করে তার ডিটেইলস নিয়ে চলে যাচ্ছে। অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার না নিতে পারে। মনে রাখবেন অথোরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোন ডিটেইলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার– অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে মানুষ যেমন এগিয়ে চলেছে, তেমনই আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। যেটা মানুষকে ভয় পেত না। সুতরাং চোখ-কান খোলা রেখে সবাইকে সতর্ক থাকতে। একজনের পক্ষে সম্ভব নয়।’
এই ভাবে তিনি পুলিশ-প্রশাসনকে আবারও সাবধান করলেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বলেন। উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী জেলা অত্যন্ত স্পর্শকাতর। বিএসএফ কাজ করছে বলে স্থানীয় পুলিশ দায় এড়াতে পারে না।’ তিনি আইসি-ওসিদের সতর্ক থেকে ঘন ঘন পেট্রোলিং চালানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের নিরাপত্তা নিয়ে কোনও আপস চলবে না।