চিত্রঃ AI
Bangla Jago Desk: সদ্য পেশ হয়েছে রাজ্য বাজেট। সমাজের সব শ্রেণির মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার সব রকমের সংস্থান রাখা হয়েছে বাজেটে। তার জন্য প্রয়োজন বিপুল অর্থ। কেন্দ্র ও রাজ্যে এখন একই দলের সরকার। এবার ডবল ইঞ্জিন সরকারের ডবল সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু হওয়ার পর চলতি অর্থবর্ষেই একাধিক খাতে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ পেতে চলেছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রের খবর, এই বিপুল আর্থিক সহায়তার নিশ্চয়তা পাওয়ার পরই এবারের রাজ্য বাজেটে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করা সম্ভব হয়েছে। সূত্রের দাবি, চলতি অর্থবর্ষে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের সম্ভাব্য বরাদ্দের পরিমাণ হল— পিএমশ্রী প্রকল্পে ২,১০০ কোটি টাকা, সমগ্র শিক্ষা মিশনে ৩,০০০ কোটি টাকা, আয়ুষ্মান ভারতে ৩,১০০ কোটি টাকা, ১২৫ দিনের কর্মসংস্থান কর্মসূচি খাতে ১৪,০০০ কোটি টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ১৩,০০০ কোটি টাকা, জল জীবন মিশনে ৮,৮০০ কোটি টাকা, পিএম সেতু প্রকল্পে ৫৭০ কোটি টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনে ২,৭০০ কোটি টাকা। নবান্নে সূত্রে খবর, এই প্রকল্পগুলির মধ্যে কিছুতে কেন্দ্র ৬০ শতাংশ, কিছুতে ৫০ শতাংশ এবং কিছু ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত অর্থ দেয়। বাকি অর্থের অংশ রাজ্য সরকারকে বহন করতে হয়।
এছাড়াও আরও কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, যেখানে ১০০ শতাংশ অর্থই কেন্দ্র সরকার বহন করবে। শুধু তাই নয়, বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক কর্মসূচির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকেও আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্নের দাবি, কেন্দ্রীয় বরাদ্দ ও বহুপাক্ষিক আর্থিক সংস্থাগুলির সহায়তার নিশ্চয়তাই এবারের বাজেটকে আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী করেছে। ফলে আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, আবাসন এবং গ্রামীণ কর্মসংস্থানের মতো খাতে বড়সড় উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছে প্রশাসনের একাংশ। নতুন সরকারের জন্য কেন্দ্র নিশ্চিত ভাবে সব বিশয়ে ইতিবাচক ভাবে এগিয়ে আসবে। এই মিলিত চেষ্টায় এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ।