Bangla Jago desk: কয়েকদিন টানা উত্থানের পর বিরাট ধাক্কা শেয়ার বাজারে। বুধবার ৯০০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স সূচক। সেই সঙ্গে ২৫৯ পয়েন্ট নেমেছে নিফটি-ও। এই বিরাট পতনে মাত্র ২ ঘণ্টায় ৭ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। নিমেষে মুছে গেল এই বিপুল অঙ্কের টাকা। মাথায় হাত শেয়ারে বিনিয়োগকারীদের।
গত এক সপ্তাহ ধরে টানা উঠছিল বাজার। প্রতিদন প্রায় রেকর্ড ভাঙছিল সূচক। এমন অগ্রগতি জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছিলেন শেয়ার বিশেষজ্ঞরা। মঙ্গলবার সর্বকালীন রেকর্ড গড়ে ৮০,৩১৫-তে থেমেছিল সেনসেক্স সূচক। বুধবার সকালে বাজার খুলতেই আগেরদিন যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে ১০০ পয়েন্ত বেড়ে যায়। তারপর হুড়মুড়িয়ে ধস নামে। ১১টা নাগাদ ৯০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। সূচক থিতু হয় ৭৯,৪৪৬-তে। সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে নামে নিফটিও। এদিন শুরুতে ২৬ পয়েন্ট বেড়েছিল নিফটি। তারপর পতন শুরু হয়। নেমে যায় ২৫৯ পয়েন্ট। সকাল ৯টা থেকে ১১তার মধ্যে মাত্র ২ ঘণ্টায় ৭ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা।
একদিকে শেয়ার বাজারে যখন এমন সুনামি চলছে, তখন অন্যদিকে কিছু কোম্পানি শেয়ার মুনাফা করেছে। বেশি পতন হয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, হিন্দুস্তান কপার, ভারত ডায়নামিক্স, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মতো বড় বড় কোম্পানির স্টকে। অন্যদিকে লাভের মুখ দেখে রাজেশ এক্সপোর্টস, রেল বিকাশ নিগম, রেমন্ড, ম্যানকাইন্ড ফার্মা, মারুতি সুজুকি ইন্ডিয়ার মতো কোম্পানি।