চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে তাপমাত্রা কমার কথা ছিল কিন্তু তার আগেই দেখা যাচ্ছে পারদ এখন নিম্নমুখি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও নামবে। এখনও ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। রাতেও তাপমাত্রা কমতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই (Winter Update)।
পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১০–১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সপ্তাহান্তে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঠান্ডার অনুভূতি আরও বাড়বে (Winter Update)।
এই সময়ে আকাশ শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে কুয়াশার প্রকোপ ভোর এবং রাতে বেশি থাকবে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ সব জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। গোটা উত্তরবঙ্গেই আবহাওয়া থাকবে শুষ্ক (Winter Update)।