Bangla Jago TV Desk : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় দণ্ডবিধির সংশোধন করতে সংসদে পেশ হওয়া তিনটি বিল নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে মনে করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে এই মতামত ব্যক্ত করেছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তাই এই বিলগুলো নিয়ে ভোটের পর নতুন লোকসভায় আলোচনা করা ভালো হবে। তিনি বলেন, এই তিন বিল ভারতের জনজীবনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। তাই বিলটি নিয়ে যতবেশি সম্ভব আলোচনা করা উচিত।
মুখ্যমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, আগামী শীতকালীন অধিবেশনে ভারতীয় ফৌজদারি এবং দেওয়ানি বিধির নাম বদল করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী সংহিতা বিল তিনটি নিয়ে পেশ করার কথা কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রীর মতে, এই বিলগুলো নিয়ে বিচারপতি, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষের মতামত গ্রহণ করা উচিত। তিনি বলেন, এই বিলগুলো নিয়ে যথেষ্ট আলোচনা না করে তাড়াহুড়ো করে পাশ করা হলে তা ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে| মুখ্যমন্ত্রীর এই চিঠির প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
FREE ACCESS