ad
ad

Breaking News

West Bengal Weather Update

বসন্তের শুরুতে কি তবে অকাল গরমের দাপট? দক্ষিণবঙ্গে হু হু করে চড়বে পারদ

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে

West Bengal Weather Update Temperature Set to Touch 31°C

চিত্র- AI

Bangla Jago Desk: লেপ-কম্বল আলমারিতে তোলার দিন চলে এল! ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও জানান দিচ্ছে—শীত এখন ‘আউটগোয়িং’। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপট কমিয়ে এবার বঙ্গে দাপট বাড়াতে চলেছে বসন্তের আগাম উষ্ণতা। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ চড়বে লাফিয়ে।দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ এবার পাততাড়ি গোটাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। রাতের দিকে কিছুটা স্বস্তি থাকলেও দিনের বেলা কিন্তু বেশ গরম অনুভূত হবে। অর্থাৎ, শীতের আমেজ কাটিয়ে এবার ঘাম ঝরানোর প্রস্তুতি নেওয়ার পালা। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এই অকাল উষ্ণতার নেপথ্যে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় একটি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে সরছে। এর মধ্যেই গতকাল আরও একটি ঝঞ্ঝা ঢুকে পড়েছে এবং সোমবার আসতে চলেছে তৃতীয়টি। এই ঝঞ্ঝার গেরোয় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে, যার ফলে রাজ্য জুড়ে শীতের কামড় উধাও হয়ে তাপমাত্রা বাড়ছে।

দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট এখন নামমাত্র। কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, পুরুলিয়া বা বীরভূম—সব জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য ছবিটা একটু আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি বা কোচবিহারে কুয়াশার দাপট কিছুটা বেশি থাকবে, তবে সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।