চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: শীত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে বাংলায়। বসন্তের আমেজের মাঝেই আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। একদিকে দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ, অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের দুই প্রান্তের আবহাওয়ায় দুই ভিন্ন মেজাজ দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রায় বিশেষ হেরফের না হলেও সোমবার থেকে পরিস্থিতি বদলাবে। জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, তীব্র গরম খুব শীঘ্রই নিজের অস্তিত্ব জানান দিতে চলেছে।
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। আগামী ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে ভারতে। এই ঝঞ্ঝার জেরে তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
রবিবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে উত্তরের জেলাগুলোতেও। মূলত হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারের পর থেকে গরমের দাপট অনুভূত হবে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে তাপমাত্রার এই বড়সড় রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।