চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো নিয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নবান্ন। ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ ইতিমধ্যেই অনেক সরকারি কর্মী একলপ্তে পেয়ে গেলেও, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুর দপ্তরের কর্মীরা তা এখনও পাননি। এবার তাঁদের সেই বকেয়া মেটানোর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এপ্রিল মাসের শেষ দিক থেকেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও শিক্ষকরা তাঁদের বকেয়া টাকা হাতে পেতে পারেন। এই লক্ষ্যে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকদের দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কোন দপ্তরে কতজন ডিএ প্রাপক রয়েছেন এবং তাঁদের প্রকৃত বকেয়ার পরিমাণ কত, তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
পাশাপাশি পেনশনভোগীদের জন্যও খুশির খবর শুনিয়েছে রাজ্য। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যে তাঁদের বকেয়া ডিএ এবং এরিয়ার মিটিয়ে দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। মৃত সরকারি কর্মীদের মনোনীত ব্যক্তিরা (নমিনি) সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন।
বৃহস্পতিবারের এই বিজ্ঞপ্তিতে ধাপে ধাপে টাকা মেটানোর পদ্ধতিও স্পষ্ট করা হয়েছে। পেনশন ও এরিয়ারের টাকা ট্রেজারি বিভাগ বা ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের কাছে। তবে বকেয়ার পুরো টাকা একবারে পাওয়া যাবে নাকি কিস্তিতে দেওয়া হবে, তা নিয়ে এখনও প্রশাসনিক স্তরে কিছুটা ধোঁয়াশা থাকলেও, নবান্নের এই তৎপরতায় আশার আলো দেখছেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী।