ad
ad

Breaking News

Weather Update

Weather Update: ঠান্ডায় সাময়িক ব্রেক? ২০ নভেম্বরের পর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি!

কলকাতা থেকে হাওড়া, শহর-শহরতলি জুড়ে এখন শীতের দাপট দৃশ্যমান

Weather Update West Bengal cold wave temperature

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের পর শুক্রবার, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। নভেম্বরের মাঝামাঝিই তাপমাত্রা যে এভাবে নামবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের বাতাসের অবাধ প্রবেশেই শীতের তীব্রতা বেড়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শীতের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। পাহাড়ের রানী দার্জিলিংয়ে ইতিমধ্যেই পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঠান্ডার নিরিখে দার্জিলিংয়ের সাথে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বীরভূম। কলকাতা থেকে হাওড়া, শহর-শহরতলি জুড়ে এখন শীতের দাপট দৃশ্যমান (Weather Update)।

আরও পড়ুনঃ মুম্বই-এর আকাশসীমায় GPS সমস্যা! সতর্ক করতে জারি NOTAM

আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কনকনে ঠান্ডা বজায় রয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর—এই জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়ার উলুবেরিয়া সহ বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাওয়া অফিসের ব্যাখ্যা, এই সময়ে কোনও শক্তিশালী নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে বাতাস বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করছে। ফলে শীতের তীব্রতা অপ্রত্যাশিতভাবে বেড়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। বৃহস্পতিবার সকালে দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, শুক্রবার তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার সমতলের জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে (Weather Update)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

তবে এই তীব্র শীতের আমেজে সাময়িক ছেদ পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষত, ২০ নভেম্বরের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং উত্তরে হাওয়ার প্রবাহ কমে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পাবে। তবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই আবার জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।