ad
ad

Breaking News

Weather Update

কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রিতে, রাজ্যজুড়ে কুয়াশার দাপটে জারি হলুদ সতর্কতা

হঠাৎ এই ঠান্ডার কামড়ে রাজ্যবাসী ফের শীতের 'দ্বিতীয় ইনিংস' শুরুর সম্ভাবনা দেখছেন।

Weather Update: Mercury Drops in Kolkata as Winter Returns

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিদায়বেলায় কি ফের স্বমহিমায় ফিরছে শীত? মাঘের মাঝামাঝি সময়ে তাপমাত্রার ঊর্ধ্বগতি দেখে অনেকেই যখন শীতের বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছিলেন, ঠিক তখনই আবহাওয়ার ভোলবদল। সরস্বতী পুজোর দিন থেকেই কলকাতায় ফের নিম্নমুখী পারদ। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ এই ঠান্ডার কামড়ে রাজ্যবাসী ফের শীতের ‘দ্বিতীয় ইনিংস’ শুরুর সম্ভাবনা দেখছেন (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই শহরের তাপমাত্রা কমতে শুরু করেছিল। শনিবার তা আরও কমে স্বাভাবিকের ঘরে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। আপাতত আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

তবে শীতের আমেজ থাকলেও ঘন কুয়াশা নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ৩-৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও কিছুটা উদ্বেগের। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ার আশঙ্কায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। এসব এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। যদিও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে (Weather Update)।

রাজ্যের অন্যান্য জেলাগুলির চিত্রও কমবেশি একই। শনিবার দার্জিলিংয়ের পারদ ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সমতলের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে নদিয়ার কল্যাণীতে, যেখানে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি। এছাড়া বাঁকুড়া, শ্রীনিকেতন, আসানসোল এবং ব্যারাকপুরেও তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী প্রায় এক সপ্তাহ রাতের তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না। ফলে কনকনে ঠান্ডা না থাকলেও ভোরের দিকে এবং রাতে শীতের আমেজ পুরোদমে উপভোগ করতে পারবেন রাজ্যবাসী (Weather Update)।