ad
ad

Breaking News

Weather Update

রোদ-মেঘের লুকোচুরি, দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বৃষ্টির তীব্রতা কমতেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে একলাফে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম

Weather Update Rain Decreases In Bengal

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে দূরে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির পর্ব আপাতত শেষ হয়েছে। আর বৃষ্টির তীব্রতা কমতেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে একলাফে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া ভবনের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের সূচনা পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিন ধরে নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে একটানা প্রবল বর্ষণ চলেছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং বুধবারে এসে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কখনও আংশিক মেঘলা আবার কখনও রোদঝলমলে থাকছে। জলীয় বাষ্পের আধিক্য থাকায় রোদের তাপের সাথে তাল মিলিয়ে অস্বস্তিকর গরম সাধারণ মানুষকে ভোগাচ্ছে। বুধবার সকালেও কলকাতা ও সংলগ্ন অঞ্চলে রোদের তেজ দেখা গেলেও বিকেলের দিকে মেঘ জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গে ভারী বা অতি ভারী বৃষ্টির আর কোনো বড় আশঙ্কা নেই। তা সত্ত্বেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি রয়েছে। এই সময় জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে। তিলোত্তমার পারদ প্রসঙ্গে জানা গেছে, বুধবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, আর আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার মাত্রা সর্বোচ্চ ৯৪ শতাংশ ছুঁয়েছে এবং বিগত ২৪ ঘণ্টায় শহরে ৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

দক্ষিণবঙ্গে বর্ষা কিছুটা স্তিমিত হলেও উত্তরবঙ্গের চিত্রটা কিন্তু ভিন্ন। পার্বত্য অঞ্চল সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো বহাল রয়েছে এবং সেখানে হলুদ সতর্কতা বলবৎ করা হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, রবিবার ও সোমবার নাগাদ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টির দাপট ফের বৃদ্ধি পেতে পারে।