চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার মাঝেই ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। ভোটের রেশ কাটতে না কাটতেই আয়োজিত হতে চলেছে এই প্রবেশিকা পরীক্ষা। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যারা আগামী দিনে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যার বিভিন্ন কোর্সে ভর্তি হতে চান, তাঁদের জন্য বিশদ নির্দেশিকা প্রকাশ করেছে বোর্ড।
আগামী ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয় থাকলে এই পরীক্ষায় বসা যাবে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সেখানে ‘WBJEE 2026 Registration’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপত্রের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট আউট রাখা জরুরি। যদি ফর্মে কোনো ভুল থাকে, তবে ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে।
আবেদনকারীদের সুবিধার্থে লিঙ্গ এবং সামাজিক শ্রেণি অনুযায়ী আলাদা আলাদা ফি ধার্য করা হয়েছে:
সাধারণ (জেনারেল): ছাত্র ৫০০ টাকা, ছাত্রী ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ৩০০ টাকা।
তফশিলি জাতি/উপজাতি/ওবিসি: ছাত্র ৪০০ টাকা, ছাত্রী ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ২০০ টাকা। সমস্ত ফি অনলাইনে জমা দিতে হবে।
বোর্ড জানিয়েছে, আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অনলাইনেই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন অর্থাৎ ২৪ মে-ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ থাকছে।
২৪ মে, রবিবার দু’টি দফায় পরীক্ষা নেওয়া হবে:
প্রথম দফা (সকাল ১১টা – দুপুর ১টা): গণিত (Mathematics)
দ্বিতীয় দফা (দুপুর ২টো – বিকেল ৪টে): পদার্থবিদ্যা ও রসায়ন (Physics & Chemistry)
পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা বোর্ড এখনও চূড়ান্ত করেনি। তবে নির্বাচনের পরবর্তী সময়ে দ্রুত ফল প্রকাশের ইঙ্গিত দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।