চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আজই। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের পথে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের নির্দিষ্ট সময় দুপুরের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যদিও যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন, তাই সন্ধ্যা কিংবা রাতের দিকেই মেধা তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল।
উল্লেখযোগ্য বিষয় হল, একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের জন্য আজ, ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত সময়সীমা। সেই সময়সীমা মেনেই কমিশন আজ তালিকা প্রকাশ করতে চলেছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই মেধা তালিকাকে ঘিরে সবচেয়ে বেশি নজর রয়েছে চাকরি হারানো যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর আজই স্পষ্ট হতে চলেছে, যোগ্যদের মধ্যে কতজন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে পুনরায় নিয়োগের সুযোগ পাচ্ছেন। ফলে এই তালিকা অনেকের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
শিক্ষামহলের একাংশের মতে, মেধা তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হবে। তবে তালিকা প্রকাশের পর নিয়োগ সংক্রান্ত পরবর্তী ধাপ কী হবে, সেই বিষয়েও নজর রাখছেন সংশ্লিষ্টরা। কারণ মেধা তালিকা প্রকাশই শেষ কথা নয়, তার পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ। এসএসসি সূত্রে আরও জানা গিয়েছে, মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কমিশনের সরকারি ওয়েবসাইটে দেখা যাবে। ফলে তালিকা প্রকাশের মুহূর্তে অনলাইনে নজর রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আপাতত সকলের দৃষ্টি কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।