চিত্র: সংগৃহীত
মাধব দেবনাথ, নদিয়া: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যের পাশাপাশি নদীয়া জেলাতেও শুরু হয়ে গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শনিবার ২৮শে ফেব্রুয়ারি, শনিবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হল বাহিনীর টহলদারি। সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে এবং শান্তি বজায় রাখতে কোমর বেঁধে নামছে প্রশাসন (WB Assembly Election)।
আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়ল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার নদীয়ার তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাসের নেতৃত্বে এক বিশাল বাহিনী রুট মার্চ শুরু করে। জনবহুল এলাকা থেকে শুরু করে পাড়া-গ্রাম— সর্বত্রই এদিন কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ শোনা যায়।
মূলত নির্বাচনের আগে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের মনে নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করাই এই রুট মার্চের প্রধান লক্ষ্য (WB Assembly Election)।
রুট মার্চ চলাকালীন পুলিশ আধিকারিকরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করে জানানো হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা অশান্তির আঁচ পেলেই যেন সরাসরি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়।
রাজনৈতিক দলগুলো যখন ভোটযুদ্ধের ময়দান গোছাতে ব্যস্ত, তখন নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে একপ্রকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে প্রশাসন। তাহেরপুরে এই রুট মার্চ যেন স্পষ্ট বার্তা দিচ্ছে যে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন এবার কোনো খামতি রাখতে নারাজ (WB Assembly Election)।