চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প) দ্রুত শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে, ১০০ দিনের কাজের যে অর্থ রাজ্যের বকেয়া রয়েছে, সেই বিষয়ে কেন্দ্রকে হলফনামা (Affidavit) জমা দিতে বলেছে আদালত। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এক মাস পর। গত তিন বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে যে, কেন্দ্র এই খাতে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে, যার ফলে কাজ বন্ধ রয়েছে এবং মানুষ রোজগার হারাচ্ছেন (WB 100-Day Work Scheme)।
আরও পড়ুনঃ Delhi Air Pollution: দিওয়ালির পর দূষণে হাঁসফাঁস দিল্লি, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ৩৫০-এর ঘর
অন্যদিকে, কেন্দ্রের শাসকদল বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল এই প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করেছে। তাদের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, সেই কারণেই কেন্দ্রীয় অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বকেয়া না পাওয়ায় রাজ্য সরকার এক সময়ে নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে এই ধরনের কাজের প্রকল্পও শুরু করেছিল। এর আগেও হাই কোর্ট রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। গত ১ অগস্ট থেকে এই কাজ চালু করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে দেশের শীর্ষ আদালত কেন্দ্রের সেই মামলা খারিজ করে দেয় এবং এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। এরপর মামলাটি আবার হাই কোর্টে ফিরে আসে। এই পরিস্থিতিতেই শুক্রবার উচ্চ আদালত দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিল (WB 100-Day Work Scheme)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
গত জুন মাসেও হাই কোর্ট এই কাজ শুরু করার কথা বলেছিল। সেই সময় আদালত মন্তব্য করেছিল যে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে কেন্দ্র যে কোনও শর্ত দিতে পারে, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। আদালত সেই সময়ে প্রশ্ন তুলেছিল, “কেন সাধারণ মানুষ এর জন্য ভুক্তভোগী হবে (WB 100-Day Work Scheme)?”