চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরও কড়া মনোভাব রাজ্য নির্বাচন দপ্তরের। বুথ লেভেল অফিসারদের কাজ খতিয়ে দেখতে ও মৃত ভোটারদের তালিকা পুনরায় যাচাই করতে স্পষ্ট নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার জেলাশাসক এবং ইআরও সঙ্গে বৈঠকে এই বার্তা দেন তিনি। কমিশন সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় ২০০২ সালের ভোটার তালিকা ও বর্তমান তালিকার মধ্যে অসঙ্গতি চোখে পড়েছে।
এই পরিস্থিতিতে বৈঠকে বিরক্তি প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাশাপাশি জানানো হয়েছে, এই অসঙ্গতির কারণ খতিয়ে দেখতে কমিশনের বিশেষ দল শীঘ্রই জেলা পরিদর্শনে যাবে। বৈঠকে আবারও গুরুত্ব দিয়ে আলোচনা হয় বেসরকারি হাউসিং কমপ্লেক্সে বুথ স্থাপন নিয়ে। কমিশনের নির্দেশ, কোন কোন হাউসিং সোসাইটি তাদের প্রাঙ্গণে বুথ স্থাপন করতে আগ্রহী, তার বিস্তারিত রিপোর্ট আজকের মধ্যেই পাঠাতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও ইআরওদের। এ ছাড়া অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির জন্য শুনানি কোথায় হবে, সেই তালিকাও আজই কমিশনে জমা দিতে হবে।
মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন। বৈঠকে নির্বাচন কমিশনের দিল্লির প্রতিনিধি ছাড়াও অন্যান্য আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন তেমনি গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ও্য তার ১২ জন অফিসারদের নিয়ে টিম। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ৫৫ লক্ষ ৩১ হাজার ৪২৩ জনের এনুমারেশন ফর্ম অসংগৃহীত হিসাবে থেকে গেছে। মৃত ভোটার তালিকার মধ্যে রয়েছে ২৩ লক্ষ ৮১ হাজার ৪৯১ জন। পাশাপাশি স্থানান্তরিত ভোটার তালিকায় রয়েছে ১৯ লক্ষ ৩১ হাজার ৩৮৪ জন।