চিত্র: নিজস্ব
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া:- বাঁকুড়ার জয়পুর ব্লকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের পর্যালোচনা এবং ভোটার তালিকা সংশোধনে দলীয় কর্মীদের সতর্ক করতে বিশেষ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া (Manas Ranjan Bhuiya)। ‘S.I.R’ এবং ‘দিদির দূত’ প্রকল্পের কাজে জয়পুর ব্লকের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রীর এই সফরে সবথেকে বেশি গুরুত্ব পায় আসন্ন ভোটার তালিকা সংশোধনের বিষয়টি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন। মন্ত্রী মনে করিয়ে দেন, গণতন্ত্রে দশ ভোটেও কেউ হেরে যেতে পারে। তাই কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে যেন বাদ না পড়ে, সেদিকে কড়া নজর রাখতে হবে। খসড়া তালিকা প্রকাশের পর প্রতিটি নাম খুঁটিয়ে দেখার নির্দেশ দেন তিনি। ২০০২ সালে তালিকায় নাম ছিল অথচ বর্তমানে নেই, এমন এবং যাদের নাম থাকার কথা অথচ বাদ পড়েছে, তাদের দ্রুত শুনানিতে হাজির করানোর কথা বলেন। ২০২৬ সালে যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদের ৬ নম্বর ফর্ম পূরণ করে নাম তোলানো এবং বিবাহ সূত্রে অন্য ব্লক থেকে আসা বা চলে যাওয়া মহিলাদের নাম সঠিকভাবে স্থানান্তরের নির্দেশও দেন মন্ত্রী (Manas Ranjan Bhuiya)।
এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জি, মহিলা নেত্রী সংগীতা মালিক, ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী সহ স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি জেলা সফর করছেন। আগামী এক মাস ভোটার তালিকা সংশোধনের কাজটি অত্যন্ত সংবেদনশীল, তাই সকলকে বাড়তি সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জয়পুর ব্লক নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, তবে আমাদের আরও শক্তিশালী হতে হবে (Manas Ranjan Bhuiya)।