চিত্র- নিজস্ব গ্রাফিক্স
জয় চক্রবর্তী: মহানায়ক উত্তম কুমার-এর জন্মশতবর্ষ উদযাপনকে ঘিরে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বছরজুড়ে রাজ্যব্যাপী সাংস্কৃতিক, চলচ্চিত্র, সাহিত্য ও স্মারক কর্মসূচি আয়োজনের লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দফতর ২০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটিই জন্মশতবর্ষ উদযাপনের সামগ্রিক পরিকল্পনা, কর্মসূচির রূপরেখা এবং বাস্তবায়নের কৌশল নির্ধারণ করবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, কমিটির চিফ পেট্রন থাকছেন মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী। সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীকে। কমিটির প্রেসিডেন্ট হয়েছেন সন্দীপ রায় এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহনকে করা হয়েছে মেম্বার সেক্রেটারি।
কমিটিতে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন জিৎ, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, দেব, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌমিক হালদার, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী। মহানায়কের জীবন, অভিনয়, সৃষ্টিশীলতা এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরভর নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। চলচ্চিত্র উৎসব, বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা, স্মারক প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা ও আর্কাইভ সংরক্ষণ-সহ একাধিক কর্মসূচির পরিকল্পনা করবে এই কমিটি।