চিত্র: নিজস্ব
তরুণ মুখোপাধ্যায়, হুগলি : রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির খতিয়ান সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পালিত হল ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি (Unnayaner Panchali)।
এদিন সকালে বৈদ্যবাটির এন সি ঘোষ লেনের স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন তৃণমূল কর্মীরা। এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা জানানোর পর শুরু হয় জনসংযোগ। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ।
মিছিলে কয়েকশো মহিলা কর্মী রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সহ বিভিন্ন প্রকল্পের পোস্টার ও ব্যানার নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন। গত ১৬ বছরে রাজ্যে চালু হওয়া প্রায় ৭০টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন দলীয় কর্মীরা। পাশাপাশি, প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন নেতৃবৃন্দ (Unnayaner Panchali)।
পুরপ্রধান পিন্টু মাহাতো এবং কাউন্সিলর সুবীর ঘোষ জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা মানুষের কাছে যাচ্ছি। প্রকল্পের সুবিধা পেতে কোথাও কোনও খামতি থাকলে তা দ্রুত মেটানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হচ্ছে। তাঁরা আরও জানান যে, প্রতিদিন দশটি করে ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকাই তাঁদের মূল লক্ষ্য।
এদিনের এই কর্মসূচিকে ঘিরে বৈদ্যবাটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই নিবিড় জনসংযোগ কর্মসূচি ঘাসফুল শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (Unnayaner Panchali)।