চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে দায়ের হওয়া নতুন মামলায় নাটকীয় মোড়। আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিতে গিয়ে নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন অভিযোগকারী তপন বর্মন। তাঁর দাবি, ২০২১ সালের যে ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে, সেই সময় ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না উদয়ন গুহ। উদয়ন গুহের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি মামলা ছিল। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের হয়। সেই মামলায় উদয়নের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত তাঁকে এক দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার ফের তাঁকে আদালতে পেশ করা হয়।
সরকারপক্ষের আইনজীবী মৃগাঙ্গ সেনগুপ্ত জানান, বিচারকের সামনে মুচলেকা দিয়ে অভিযোগকারী তপন বর্মন বলেন, ২০২১ সালের যে ঘটনাকে কেন্দ্র করে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, সেই দিন ঘটনাস্থলে উদয়ন গুহ উপস্থিত ছিলেন না। একইসঙ্গে মামলার আর এক অভিযুক্ত হযরত মিয়াঁও সেখানে ছিলেন না বলে দাবি করেন তিনি।আইনজীবীর বক্তব্য অনুযায়ী, অভিযোগকারী আরও জানান, এই মামলায় উদয়ন গুহকে জামিন দেওয়া হলেও তাঁর কোনও আপত্তি নেই।
এদিকে, সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে এই মামলায় উদয়ন গুহকে আরও ৯ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর সেই আবেদন খারিজ করে দেন বিচারক। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।