ad
ad

Breaking News

Madhyamik

মাধ্যমিকে অবিশ্বাস্য কাণ্ড! একই নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল যমজ ভাই-বোন

যমজ ভাই-বোনের অবিশ্বাস্য মার্কশিট দেখে থমকে গেল গ্রাম

Madhyamik Miracle: Twin Siblings Score Identical 611 Marks

চিত্র- নিজস্ব

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মাধ্যমিকে যমজ ভাই-বোনের নজরকাড়া ফলাফল তো মাঝেমধ্যেই শোনা যায়, কিন্তু এবারের ঘটনা হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও। একই স্কুলে পড়াশোনা করে একই নম্বর পেয়ে নজির গড়ল যমজ ভাই-বোন। চাচন্ড বি.জে হাই স্কুলের ছাত্র কৌশিক বিশ্বাস ও ছাত্রী সুপ্রিয়া বিশ্বাস,  দু’জনেই এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছে। আর এই হুবহু মিল দেখেই কার্যত তাজ্জব শিক্ষক থেকে অভিভাবক সকলেই।

​স্কুল সূত্রে খবর, একইসঙ্গে বেড়ে ওঠা এবং একই স্কুলে পড়াশোনা করলেও এর আগের কোনও পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বর এমন হুবহু মিলে যায়নি।

প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, “আমাদের স্কুলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। অভাবনীয় এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। দুই ভাই-বোনেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।” ফলাফল প্রকাশের পর থেকেই খুশির আমেজ বিশ্বাস পরিবারে। মা পিঙ্কি বিশ্বাস নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলেন, “ছেলে-মেয়ে দু’জনেই ভালভাবে পাশ করেছে, এটাই ছিল বড় স্বস্তি। কিন্তু দুজনে যে একদম কাঁটায় কাঁটায় একই নম্বর পাবে, তা স্বপ্নেও ভাবিনি।”

নাতনি ও নাতির এই বিরল সাফল্যে চোখে জল গর্বিত দিদার। তাঁর কথায়, “ওরা ভাল ফল করবে জানতাম, কিন্তু এই নম্বর তো ঈশ্বরের আশীর্বাদ।” ফল প্রকাশের পর থেকে এলাকার মানুষের মুখে এখন একটাই আলোচনা, এ যেন এক পরম বিস্ময়। একই পরিবার থেকে দুই কৃতীর এই সাফল্য শুধু স্কুল নয়, গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে। পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষের আশা, আগামী দিনেও তারা এইভাবেই একে অপরের হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছাবে।