চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে বিরোধী শিবির ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক বাম ও কংগ্রেস কর্মী-সমর্থক। রবিবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভার তিনপাকুরিয়া অঞ্চলের ৭৭ নম্বর বুথ এলাকায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই যোগদান ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কাজ, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং সংগঠনের সক্রিয় ভূমিকার ফলেই বিরোধী দলের একাংশ তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ চলছে, তাতে অনুপ্রাণিত হয়েই মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। সামসেরগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও জানান, তৃণমূলে যোগদানকারী কর্মী-সমর্থকদের যথাযোগ্য সম্মান ও দায়িত্বের সঙ্গে সংগঠনের কাজে যুক্ত করা হবে।যোগদানকারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে তৃণমূল সরকারের ভূমিকা তাঁদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দলীয় নেতৃত্বের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তাঁরা।