গ্রাফিক্স
Bangla Jago Desk: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে সোমবারের পর মঙ্গলবারও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ০৫৭৯৭ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল, ০৫৭৯৮ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। ১৫৭১০ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
[ আরও পড়ুন: Kanchanjunga Express: শিয়ালদহ ফিরছে দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরই বাতিল করা হয় ০৫৭৯৭ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন এবং ০৫৭৯৬ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ও ১৫৭০৯ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।এছাড়া ২২টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, ডাউন সরাইঘাট এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, তিস্তা তোর্সা এক্সপ্রেস।এই ট্রেনগুলি নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা এবং আলুয়াবাড়ি রুটে চালানোর সিদ্ধান্ত নেয় রেল।
সোমবার সকাল ৮টা ৪২ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি। শুধু লাইনচ্যুত নয়, একটি বগি অন্য একটি বগির উপর উঠে যায় এবং দুমড়ে মুচড়ে ছিটকে যায় অনেকটা দূরে। ওই বগিগুলির মধ্যে থাকা বহু যাত্রী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছে বহুযাত্রী। পাশাপাশি , বড়সড় দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। তাঁদের জন্য ঘটনাস্থলে বাস পাঠিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি। আপাতত ১০টি বাস পাঠানো হয়েছে ।