ad
ad

Breaking News

Darjeeling

দার্জিলিং স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকো শেড, জখম একাধিক রেলকর্মী

আচমকাই কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে

Darjeeling Station Loco Shed Collapses

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: দার্জিলিং স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টয় ট্রেনের লোকো শেডের একাংশ। ঘটনায় অন্তত সাতজন রেলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে এদিনের চারটি জয়রাইড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেল। রেল সূত্রে খবর, সকালে দার্জিলিং স্টেশনের উল্টো দিকে থাকা লোকো শেডে কয়েকজন রেলকর্মী কাজ করছিলেন। সেই সময় আচমকাই কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন কয়েকজন। সঙ্গে সঙ্গে অন্য রেলকর্মী ও স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং হিমালয়ান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে ফেলে শুরু হয় মেরামতির কাজ। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে। দার্জিলিং স্টেশনের সামনেই থাকা এই ইঞ্জিন শেডে মূলত টয় ট্রেনের লোকোমোটিভ রাখা হয়। প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির জেরে কাঠামো দুর্বল হয়ে পড়ে থাকতে পারে। তবে রক্ষণাবেক্ষণের কোনও গাফিলতি ছিল কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, রাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি চলছিল। সকালে লোকো শেডের একটি অংশ ভেঙে পড়ে। রেলকর্মী ও স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শেড সংলগ্ন এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি বুধবারের নির্ধারিত চারটি জয়রাইড বাতিল করা হয়েছে, যাতে মেরামতি ও নিরাপত্তা পরীক্ষার কাজ নির্বিঘ্নে করা যায়। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে। দুর্ঘটনা শুধু আকস্মিক কাঠামোগত ধসের ফল, নাকি এর পিছনে দীর্ঘদিনের অবহেলা ছিল—তদন্তেই তা পরিষ্কার হবে।