ad
ad

Breaking News

নেতাদের সঙ্গে প্রচারে ঝড় তুলবেন তারকারাও, দ্বিতীয় দফায় তৃণমূলের তারকা প্রচারক কারা?

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় সবথেকে বড় চমক বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।

TMC Star Campaigners List 2026

চিত্র- প্রতীকী

Bangla Jago Desk: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) মহাযুদ্ধে দ্বিতীয় দফার জন্য ঘর গুছিয়ে নিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার কমিশনের কাছে ৪০ জন ‘তারকা প্রচারক’-এর তালিকা জমা দিয়েছে জোড়াফুল শিবির। ১৪২টি বিধানসভা আসনে ঝোড়ো প্রচার করতে এই তালিকায় যেমন রয়েছেন মমতা-অভিষেকের মতো হেভিওয়েট নেতারা, তেমনই নাম রয়েছে বিনোদন জগতের মহাতারকাদেরও। তবে এবারের তালিকায় বেশ কিছু নাম রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করে দিয়েছে।

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় সবথেকে বড় চমক বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। গত লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকে নুসরতকে ঘাসফুল শিবিরের কোনও কর্মসূচিতে খুব একটা দেখা যাচ্ছিল না। কিন্তু দ্বিতীয় দফার ভোটে গ্ল্যামার আর রাজনীতির মেলবন্ধনে নুসরতকে ফের ময়দানে নামাচ্ছে দল। পাশাপাশি নজর কেড়েছেন কোয়েল মল্লিকও, যিনি বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। নজর রয়েছে সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে আসা প্রতীক উর রহমান এবং বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ওপরেও।

রাজনীতির হেভিওয়েটদের মধ্যে এই তালিকায় রয়েছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেতারা। লড়াইয়ের ময়দানে আরও ধার বাড়াতে নাম রয়েছে সায়নী ঘোষ, পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদার। এঁদের মধ্যে অনেকেই আবার এবারের নির্বাচনে নিজেরাও প্রার্থী। বিনোদন আর খেলার জগতের গ্ল্যামার যোগ করতে প্রচারে নামবেন সুপারস্টার দেব, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, অদিতি মুন্সি, রচনা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

উল্লেখ্য, রাজ্যে এবার দুই দফায় ভোটগ্রহণ। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফার ভোট। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কাল, বৃহস্পতিবার। তার আগেই কোমর বেঁধে প্রচারের ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলল তৃণমূল। অভিজ্ঞ রাজনৈতিক মুখ এবং জনপ্রিয় সেলিব্রেটিদের এই সংমিশ্রণ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।