চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আইপ্যাক (I-PAC) নিয়ে ছড়িয়ে পড়া জল্পনায় জল ঢালল ঘাসফুল শিবির। তৃণমূলের পরামর্শদাতা সংস্থাটি রাজ্যে তাদের কাজ বন্ধ করে দিয়েছে, এমন খবরকে স্রেফ ‘ভিত্তিহীন’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। রবিবার দলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে, আইপ্যাকের পশ্চিমবঙ্গ টিম পূর্ণ উদ্যমে তৃণমূলের সঙ্গেই কাজ করছে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রাজ্যের সর্বত্র নির্বাচনী প্রচারের কাজ চলছে।
বিবৃতিতে তৃণমূল দাবি করেছে, তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক আগামী ২০ দিনের জন্য বাংলায় তাদের অপারেশন বন্ধ রাখছে বলে যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়েছে, তা আসলে এক গভীর ষড়যন্ত্র। দলের বক্তব্য, ময়দানে সাধারণ মানুষের মেজাজ বুঝতে পেরে বিরোধীরাই এখন বিভ্রান্তি ছড়াতে এই ধরণের মিথ্যে বয়ান তৈরি করছে। এই অপপ্রচার আসলে মানুষের নজর ঘোরানোর একটি ব্যর্থ চেষ্টা বলেই মনে করছে জোড়াফুল শিবির।
তৃণমূলের স্পষ্ট বার্তা, বাংলার মানুষ এই ধরণের অপপ্রচার বা ভয় দেখানোর কৌশলে বিভ্রান্ত হবেন না। তাঁরা এই ধরণের চক্রান্তের যোগ্য জবাব দেবেন ব্যালট বক্সে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে তাঁদের রায় দেবেন এবং ৪ মে ভোটের ফলাফলই বলে দেবে যে বাংলার জনতা কার সঙ্গে রয়েছে।
আইপ্যাকের কাজ বন্ধ হওয়া নিয়ে গত কয়েক ঘণ্টা ধরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তৃণমূলের এই অফিশিয়াল স্টেটমেন্টের পর তাতে যবনিকা পড়ল। পরামর্শদাতা সংস্থার সক্রিয়তা নিয়ে দলীয় কর্মীদের আশ্বস্ত করার পাশাপাশি বিরোধীদের ‘ভুল খবর’ ছড়ানোর অভিযোগ তুলেও কড়া আক্রমণ শানাল শাসকদল। ভোটের ময়দানে রণকৌশলে যে কোনও খামতি নেই, এদিন সেই বার্তাই দিতে চাইল এআইটিসি।