চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উত্তর ২৪ পরগনার গোবরডাঙা ও গাইঘাটা থানার বিভিন্ন এলাকায় মঙ্গলবার বিকেল থেকে বাঘ দেখার গুজব ছড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গণদ্বীপায়ন, চোংদা ও কুলপুকুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে বাঘের আতঙ্কে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ আসার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন (Tiger Rumors)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে আচমকাই খবর রটে যে এলাকায় বাঘ দেখা গিয়েছে। অভিযোগ, একদল অসাধু ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে বাঘের ভুয়ো ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেই ছবি দেখে আতঙ্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর ভয়ে অনেক গ্রামবাসীই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন। শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা (Tiger Rumors)।
আতঙ্কিত গ্রামবাসীদের আশ্বস্ত করতে মাঠে নামে স্থানীয় প্রশাসন। ধর্মপুর-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য অতুল দে এই বিষয়ে বলেন, “বাঘ দেখার খবরটি সম্পূর্ণ ভুয়ো। কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢোকার ঘটনা ঘটেনি। মানুষকে অনুরোধ করছি আপনারা অযথা আতঙ্কিত হবেন না এবং গুজবে কান দেবেন না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব রুখতে পুলিশি নজরদারি চালানো হচ্ছে (Tiger Rumors)।