চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণবঙ্গে ফের বদলাতে চলেছে আবহাওয়ার চিত্র। কখনও রোদের দাপট, তো কখনও হঠাৎ ঝেঁপে বৃষ্টি—ঘনঘন মুড সুইং করছে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে পাশাপাশি বাড়ছে গরম ও অস্বস্তিও।
[আরও পড়ুন: Hooghly: বাঁশবেড়িয়ার গঙ্গায় কুমির! ভাইরাল ভিডিয়ো, মাইকিং-এর মাধ্যমে সতর্কতা জারি প্রশাসনের]
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তার আগে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে দুপুরের দিকে শুষ্ক ও উষ্ণ লু-এর মতো বাতাস বইতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি, ফলে অস্বস্তি আরও বাড়বে। আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
তবে স্বস্তির খবর হল, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তার ফলে তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মৌসুমি বায়ু রাজ্যে ঢুকলেও এখনও তা অনেকটাই দুর্বল থাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
[আরও পড়ুন: Horoscope: রবিতে কেমন কাটবে সময়? পড়ুন আজকের রাশিফল]
উত্তরবঙ্গেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আগামী সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে উষ্ণ ও শুষ্ক পশ্চিমী হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও বাড়তে পারে।