চিত্র : সংগৃহীত
হুগলি, রাকেশ চক্রবর্তী : দশঘড়ার ঘটনায় ফাঁসির সাজা হল একজনের। নিজের বাবা, মা, বোনকে নৃশংস ভাবে খুন করেছেন। এই অভিযোগ উঠেছিল প্রমথেশ ঘোষালের বিরুদ্ধে। এবার দোষী প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করে প্রমথেশ। কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৮ নভেম্বর ধনেখালি থানার দশঘড়া গ্রামের পাল পাড়াতে প্রমথেশ তার বাবা অসীম ঘোষাল,মা শুভ্রা ঘোষাল ও বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে। শুধু তাই নয়। নিজের হাতের শিরা কেটে আত্মহত্যারও চেষ্টা করে।আহত রক্তাত্ব অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে থানায়। প্রমথেশ সুস্থ হলেই তাকে গ্রেফতার করা হয়।
সরকারি আইনজীবী জানিয়েছেন, মোট ১৪ জন খুনের মামলায় স্বাক্ষী দিয়েছে। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন।