ad
ad

Breaking News

Swarupnagar

স্বরূপনগরে খুশির হাওয়া, ১০টি গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি মেটাল জেলা পরিষদ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুলকির খাল থেকে গোলপোতা মোড় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ১২ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।

Swarupnagar Road Project: 5 Crore Spent on Road Construction

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবশেষে সংস্কার হল বেহাল রাস্তার। জুলকির খাল থেকে গোলপোতা মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এই নতুন পাকা রাস্তা তৈরি হওয়ায় খুশির হাওয়া সীমান্ত এলাকায় (Swarupnagar)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুলকির খাল থেকে গোলপোতা মোড় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ১২ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছিলেন ১০টি গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত। স্কুলপড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হতো এলাকাবাসীকে। হামেশাই ঘটত ছোটখাটো দুর্ঘটনা। দীর্ঘ বছর ধরে একটি নতুন রাস্তার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

সাধারণ মানুষের এই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ বিশেষ উদ্যোগ গ্রহণ করে। জেলা পরিষদের অর্থানুকূল্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ এই নতুন রাস্তাটি তৈরি করা হয়েছে (Swarupnagar)।

এই উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক বিনা মন্ডল বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি নতুন করে তৈরি করার। তাঁদের সেই দাবিকে মান্যতা দিয়েই জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তাটি সংস্কার ও পাকা করা হল।

নতুন এই পাকা রাস্তা তৈরি হওয়ার ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন স্বরূপনগরের কয়েক হাজার বাসিন্দা। এখন থেকে যাতায়াতের সময় ও ভোগান্তি, উভয়ই অনেকটা কমবে (Swarupnagar)।