ad
ad

Breaking News

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’-তে ইন্দ্রনীলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের

বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য তাঁর কাছে ‘কাটমানি’ বা কমিশন চাওয়া হয়েছিল।

suvendu-janata-darbar-wriddhi-bandyopadhyay-indranil-sen

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী তাঁর কাজের মাধ্যমে প্রমাণ করে চলেছেন যে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। আমজনতার অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য তিনি উত্তরপ্রদেশের আদলে ‘জনতার দরবার’ চালু করেছেন। প্রতি সপ্তাহের সোমবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে এই দরবার বসে, যেখানে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন। তবে চলতি সপ্তাহে সোমবার শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান থাকায়, একদিন পিছিয়ে মঙ্গলবার এই জনতার দরবার অনুষ্ঠিত হচ্ছে। 

এদিনের জনতার দরবারে উপস্থিত হয়ে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগের তির তৃণমূল ঘনিষ্ঠ গায়ক তথা নেতা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ঋদ্ধির দাবি, বিগত তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য তাঁর কাছে ‘কাটমানি’ বা কমিশন চাওয়া হয়েছিল। তিনি কোনো নির্দিষ্ট লবির মানুষ না হওয়ার কারণে তাঁকে দিনের পর দিন ব্রাত্য করে রাখা হয়েছিল। ঋদ্ধি জানান, বিদেশে এবং অন্যান্য বেসরকারি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থাকায় কোনোমতে তাঁর জীবিকা নির্বাহ হয়েছে, কিন্তু সরকারি স্তরে কেবল তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠরাই সমস্ত সুযোগ-সুবিধা পেতেন। এছাড়া, এই বিষয়ে সরব হওয়ায় তাঁকে হুমকি ফোনও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই সমস্ত অভিযোগ অবশ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল সেন। তাঁর পাল্টা দাবি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই তাঁর বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান যে আজ পর্যন্ত টাকা তো দূরঅস্ত, কারও কাছ থেকে একটা মিষ্টিও খাননি। হুমকি ফোনের প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, বিগত আট-নয় বছর ধরে ঋদ্ধির সঙ্গে তাঁর কোনো যোগাযোগই নেই, এমনকি তাঁর কাছে ঋদ্ধির ফোন নম্বরটুকুও নেই। এই সমস্ত অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে প্রশাসন যে শাস্তি দেবে তা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এদিকে, মঙ্গলবারের জনতার দরবারে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে এভাবে অভিযোগ জানাতে এসে উপস্থিত হতে দেখে তীব্র দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ইন্দ্রনীল সেনকে তীব্র আক্রমণ করে তিনি বলেন যে, ইন্দ্রনীল চন্দননগরে একপ্রকার ‘জঙ্গলরাজ’ চালিয়েছেন এবং এই নিয়ে বারবার আওয়াজ তোলার পরও আগে কোনো সুরাহা হয়নি। ঋদ্ধির মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকে আজ যে নিজের অধিকারের জন্য এখানে আসতে হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিল্পজগৎকে এই পর্যায়ে নামিয়ে আনার জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবেই বলে আশ্বাস দেন রূপা গঙ্গোপাধ্যায়।