চিত্রঃ নিজস্ব
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: চেয়ারম্যানের চেয়ারে বসার পরেই যেন প্রথম দায়িত্ব ছিল দেবীর চরণে প্রণাম। সেই মনোবাসনা পূরণ করতেই মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামা কালির মন্দিরে পুজো দিলেন নবনির্বাচিত পৌরচেয়ারম্যান সুরজিৎ সাহা। পুজোর পাশাপাশি মন্দির চত্বরে ও আশপাশে বসবাসকারী আর্থিকভাবে অসচ্ছল মানুষদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র।গত মাসের ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন সুরজিৎ সাহা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই বুড়ামা কালী মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন তিনি। তবে নানা ব্যস্ততা ও ব্যক্তিগত কারণে এতদিন আসা হয়ে ওঠেনি। অবশেষে মঙ্গলবার সেই ইচ্ছাপূরণ।মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ছিল এক অন্যরকম আবহ।পুরোহিতের মন্ত্রোচ্চারণে সম্পন্ন হয় পুজো। পরে চেয়ারম্যানের হাত থেকে বস্ত্র পেয়ে খুশি মন্দির সংলগ্ন এলাকার বহু দুস্থ পরিবার। অনেকেই বলেন, উৎসবের সময় নয়, সাধারণ দিনে এমন সহায়তা পাওয়া তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পল্লব দাস, পিন্টু দাস, সুবিনয় আচার্য-সহ আরও অনেকে।সংক্ষিপ্ত বক্তব্যে সুরজিৎ সাহা বলেন, “চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই বুড়ামা কালির মন্দিরে এসে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। পাশাপাশি এখানে বসবাসকারী দুস্থ মানুষদের কিছুটা সাহায্য করার কথাও ভেবেছিলাম। আজ মায়ের আশীর্বাদ নিয়ে সেই কাজ করতে পেরে ভাল লাগছে।”পৌরসভার নতুন দায়িত্বে বসার পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। শহরের একাংশের মতে, প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতেই এই উদ্যোগ।