চিত্র- নিজস্ব
সৌতিক চক্রবর্তী, বীরভূম: ভোটের দিন সকাল পর্যন্ত নিজেদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে সেই জট কাটে এবং বিকেলে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন শান্তিনিকেতনের এই প্রবীণ দম্পতি।
জানা গেছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময় তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। পরে তাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। সম্প্রতি যে ১৩৯ জনের নাম পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যেই ছিলেন এই দম্পতি। তবুও ভোট দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় থেকেই যায়।
এদিন সকালে বিষয়টি জানতে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। প্রথমে প্রিসাইডিং অফিসারের তরফে জানানো হয়, তাঁরা ভোট দিতে পারবেন না। এরপর বিষয়টি বীরভূমের জেলাশাসকের নজরে আনা হলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়, তাঁদের নাম বৈধভাবে তালিকায় রয়েছে এবং ভোট দিতে কোনও বাধা নেই। জেলাশাসক ধবল জৈন জানান, প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তি তৈরি হলেও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছে। ফলে তাঁরা স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন।
প্রশাসনের তত্ত্বাবধানে অবশেষে সমস্যার সমাধান হয় এবং বিকেল পাঁচটার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে এই প্রবীণ দম্পতির।
উল্লেখ্য, সুপ্রবুদ্ধ সেনের বয়স বর্তমানে ৮৮ এবং তাঁর স্ত্রী দীপা সেনের বয়স ৮২। দীর্ঘ কর্মজীবন শেষে বহু বছর ধরেই তাঁরা শান্তিনিকেতনে বসবাস করছেন।
এদিকে, আজ প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন জেলায় নিরাপত্তার কড়া ব্যবস্থা এবং ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো।
এই ঘটনার পর নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকা সংক্রান্ত ত্রুটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে শেষ পর্যন্ত প্রশাসনিক উদ্যোগে সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।