চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যে প্রাথমিক স্কুলগুলির জন্য ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। বড় পরিবর্তন হিসাবে, গরমের ছুটি ১৯ দিন থেকে কমিয়ে মাত্র ৯ দিন করা হয়েছে। অন্যদিকে, বাড়ানো হয়েছে পুজোর ছুটি।
রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে কমল গরমের ছুটি, বাড়লো পুজোর ছুটি, দেখুন তালিকা pic.twitter.com/lkfFMzdiVe
— Bangla Jago Tv (@BanglaJagotv) December 18, 2024
২০২৪ সালের ছুটির ক্যালেন্ডারে গরমের ছুটি ১৯ দিন রাখা হয়েছিল। তবে নতুন ক্যালেন্ডারে তা ১০ দিন কমিয়ে ৯ দিন করা হয়েছে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নতুন ক্যালেন্ডার তৈরি করেছে।
শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে পুজোর ছুটি বাড়ানোর দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে গরমের ছুটি কমিয়ে পুজোর ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি বলেন, “বিভিন্ন শিক্ষক সংগঠন পুজোর ছুটি বাড়ানোর দাবি করেছিল। তাই আমরা সেই দিকেই নজর দিয়েছি।”
ছুটির এই পরিবর্তন নিয়ে শিক্ষকমহল এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, গরমের ছুটি কমানোর সিদ্ধান্ত সঠিক। আবার অনেকেই মনে করছেন, এটি শিশুদের জন্য অস্বস্তিকর হতে পারে। ২০২৫ সালের নতুন ছুটির এই নীতি কীভাবে কাজ করবে, তা সময়ই বলে দেবে।