ad
ad

Breaking News

Sukumar Sen

নেহরুর আবদার ফিরিয়ে অটল সুকুমার, ভারতের প্রথম লোকসভা নির্বাচনের নেপথ্য কাহিনি

বিশাল এই কর্মযজ্ঞ ছাড়াও একাধিক রাজ্যর বিধানসভা নির্বাচনের আয়োজনও করেন।

Sukumar Sen: The Unsung Hero and India's First Chief EC

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ইংরেজিতে একটা কথা আছে ‘unsung hero’। ভারতীয় গণতন্ত্রর unsung hero স্বচ্ছন্দে বলা চলে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন সম্বন্ধে। ঐতিহাসিক রামচন্দ্র গুহ ২০০২ সালে দ্য হিন্দুতে লেখা তাঁর এক প্রতিবেদনে সুকুমার সেন সম্বন্ধে unsung hero শব্দবন্ধটি ব্যবহার করেন। সিভিল সার্ভিস আধিকারিক সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। ১৯৫০ সালের ২১ মার্চ থেকে ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত তিনি মুখ্য নির্বাচন কমিশনার পদে ছিলেন। তাঁর তত্ত্বাবধানে ১৯৫১-৫২, ১৯৫৭ সালে দু,দু’টো লোকসভা নির্বাচন হয়। বিশাল এই কর্মযজ্ঞ ছাড়াও একাধিক রাজ্যর বিধানসভা নির্বাচনের আয়োজনও করেন (Sukumar Sen)।

১৮৫৮ সালে আজকের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সোনারং গ্রামে জন্ম সুকুমার সেনের। মেধাবী সুকুমার সেন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর উচ্চ শিক্ষা করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। গণিতে স্বর্ণপদক পান সুকুমার সেন। ১৯২১ সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেন সুকুমার সেন। তিনি ব্রিটিশ আমলে বাংলার জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ তাঁকে রাজ্যর মুখ্যসচিব হিসাবে নিযুক্ত করেন।

সুকুমার সেনের গণিতে বুৎপত্তি ও কঠোর প্রশাসকের ভূমিকা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে মুগ্ধ করে। ১৯৪৭ সালে বাংলার মুখ্যসচিব নিযুক্ত হন সুকুমার সেন। ১৯৪৯ সালে গড়ে ওঠে নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম লোকসভা নির্বাচন আয়োজনের জন্য একজন দক্ষ প্রশাসক খুঁজছিলেন। তখন বিধানচন্দ্র রায়ই সুকুমার সেনের নাম জওহরলাল নেহরুর কাছে সুপারিশ করেন। ১৯৫১ সালের বসন্তর মধ্যে দ্রুত ভোট করানোর দাবি জানান জওহরলাল কিন্তু শরৎকালের আগে ভোট না করানোর সিদ্ধান্তে অটল ছিলেন সুকুমার সেন (Sukumar Sen)।

শেষ পর্যন্ত সুকুমার সেনের যুক্তি মেনে নেন জওহরলাল নেহরু। ২ জন আঞ্চলিক নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজ্যর মুখ্য নির্বাচনি আধিকারিকদের সঙ্গে নিয়ে ভোট আয়োজনের মতো বিশাল কর্মযজ্ঞ শুরু করেন সুকুমার সেন। ভোটার তালিকা তৈরি করতে সারা দেশে বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হয়। সে সময় বেশির ভাগ ভোটার নিরক্ষর হওয়ায় রাজনৈতিক দলের প্রতীক হিসাবে মাটির প্রদীপ, এক জোড়া ষাঁড় ব্যবহার করা হয়। প্রত্যেক প্রার্থীর জন্য রঙিন ব্যালট বাক্স বরাদ্দ করা হয়। ওপরে নির্দিষ্ট দলীয় প্রতীক ও প্রার্থীর নাম লেখা ছিল (Sukumar Sen)।

প্রথম লোকসভা নির্বাচনে ২৫টি রাজ্যর ৪৮৯টি আসনে লড়েন ১৯৪৯ জন প্রার্থী। ব্রিটিশ আমলে নির্বাচন সামলানোর দক্ষতা কাজে লাগিয়ে পুঙ্খানুপুঙ্খ ভোটের আয়োজন করেন সুকুমার সেন। প্রথম লোকসভা নির্বাচন সম্পর্কে নাগরিকদের সচেতন করতে সব আঞ্চলিক ভাষায় ৩ হাজার সিনেমা তৈরি করায় সুকুমার সেনের নেতৃত্বে নির্বাচন কমিশন। ৮২ হাজার টন লোহা দিয়ে ব্যালট বাক্স তৈরি করা হয়। ৫৬ হাজার প্রিসাইডিং অফিসার ও ২৮ লাখ সহকারী নিয়োগ করা হয়। ভোটার তালিকা তৈরি করেন ১ লাখ ৬৫ হাজার মানুষ (Sukumar Sen)।

প্রথম লোকসভা নির্বাচনের পর সুকুমার সেনকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে সদ্য স্বাধীন সুদানের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ৯ মাসের মধ্যে নিখুঁত পরিকল্পনায় সেই দায়িত্ব পালন করে দেশে ফিরে ১৯৫৭ সালে দ্বিতীয় বার ভারতের লোকসভা নির্বাচন পরিচালনা করেন সুকুমার সেন (Sukumar Sen)।