চিত্র- সংগৃহীত
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রঙের উচ্ছ্বাসে মঙ্গলবার মেতে উঠল দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট। দোলের দুপুরে শহরের দিপালীনগর এলাকায় আয়োজিত উৎসবে অংশ নিয়ে কার্যত কেন্দ্রে ছিলেন স্থানীয় বিধায়ক তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আবিরে রাঙা মুখ, চারপাশে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়—উৎসবের আবহে তিনি যেন হয়ে উঠলেন দিনের প্রধান আকর্ষণ।সকালে কলকাতা থেকে বালুরঘাটের বাড়িতে পৌঁছন সুকান্ত। পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি যান নিজের কার্যালয়ে। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন কর্মী-সমর্থকেরা। আবির ও রঙ মেখে তাঁকে শুভেচ্ছা জানান সকলে। পালটা তিনিও রঙ মেখে শুভেচ্ছা বিনিময় করেন।
মুহূর্তেই কার্যালয় চত্বর পরিণত হয় রঙের আসরে।দুপুর প্রায় একটা নাগাদ দিপালীনগরের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে দোলের আনন্দ ভাগ করে নেন। কচিকাঁচা থেকে প্রবীণ—সবাইকে সঙ্গে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মঞ্চে ছিল বাংলা লোকগীতির পরিবেশনাও। শিল্পী দাসের কণ্ঠে লোকসঙ্গীত উৎসবের আবহ আরও গাঢ় করে তোলে।এই দিন শহরের বিভিন্ন প্রান্তেও ছিল বর্ণাঢ্য আয়োজন। কোথাও নাচ-গান, কোথাও আবিরের রঙে রাঙা মিলনমেলা। তবে দিপালীনগরের অনুষ্ঠানে সুকান্তর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।
উৎসবের ফাঁকে তিনি বলেন, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের এবং রাজ্যের বাইরে যেখানেই বাঙালিরা রয়েছেন, সকলকে আমার দোলের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশে নানা উৎসব পালিত হয়। এই উৎসব আনন্দের, একসঙ্গে আসার। আনন্দঘন পরিবেশে সকলে মিলেমিশে দোল পালন করুন।প্রতিবছরের মতো এ বছরও আমি এই উৎসবে শামিল হলাম।রঙের আবহে রাজনীতি সেদিন ছিল অনেকটাই আড়ালে। আবিরে মাখামাখি, লোকগীতির সুর আর মিলনমেলার ছবিতেই ধরা পড়ল বালুরঘাটের দোল।