চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: হাওড়ার জনবহুল চিন্তামণি দে রোড এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনার থেকে রক্ষা পেল একটি পথকুকুর। গভীর পাতকুয়ায় পড়ে গিয়ে যখন কুকুরটির জীবন সংশয় তৈরি হয়েছিল, তখন একদল সচেতন পশুপ্রেমীর তৎপরতায় শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে (Stray Dog Rescued)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিন্তামণি দে রোড সংলগ্ন একটি মাঠের ধারের পুরনো পরিত্যক্ত বাড়িতে বেশ কয়েক হাত গভীর একটি পাতকুয়া রয়েছে। কুকুরটি কোনওভাবে অসতর্কতাবশত ওই কুয়োর ভেতরে পড়ে যায়। কুয়োটি গভীর হওয়ায় এবং জল থাকায় কুকুরটির পক্ষে নিজে থেকে উঠে আসা অসম্ভব ছিল। দীর্ঘক্ষণ ধরে কুয়োর ভেতর থেকে কুকুরের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং বিপদ বুঝতে পারেন।
প্রাথমিকভাবে স্থানীয়রা সাহায্যের চেষ্টা করলেও গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। এরপর এলাকাবাসী খবর দেন স্থানীয় পশুপ্রেমী সম্রাট মুখার্জীকে। খবর পেয়ে তিনি কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছন এবং দ্রুত তাঁর নিজস্ব একটি উদ্ধারকারী দল তৈরি করেন। অভিযানে যোগ দেন রাজদীপ মুখার্জি, ঋজু ভট্টাচার্য, দিশানী দে সরকার ও রোহিত সরকারের মতো নিবেদিতপ্রাণ পশুপ্রেমীরা (Stray Dog Rescued)।
নিজেদের সুরক্ষার পাশাপাশি কুকুরটিকে যাতে নিরাপদে তোলা যায়, তার জন্য দড়ি ও অন্যান্য উপকরণের সাহায্যে কিছুক্ষণ চেষ্টা চালানোর পর কুকুরটিকে ওপরে তুলে আনা হয়। উদ্ধার হওয়ার পর দেখা যায় কুকুরটি সুস্থই রয়েছে। প্রাণ ফিরে পেয়ে অবলা প্রাণীটির চোখেমুখেও যেন স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে (Stray Dog Rescued)।