চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার পর মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের নিরাপত্তা আরও বাড়াল রাজ্য পুলিশ। এতদিন তাঁর সঙ্গে দু’জন কনস্টেবল থাকলেও এবার অতিরিক্ত পুলিশ স্কট দেওয়া হয়েছে। হঠাৎ এই নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, সাংসদের উপর হামলার আশঙ্কা রয়েছে কি না।জানা গিয়েছে, আবু তাহের খানের চলাচলের সময় এখন থেকে পুলিশের একটি স্কট দল সঙ্গে থাকবে। সাধারণত এই ধরনের স্কটে এএসআই বা এসআই পদমর্যাদার একজন আধিকারিক এবং সঙ্গে দু’জন কনস্টেবল থাকেন। তবে নিরাপত্তা বৃদ্ধিকে নতুন কোনও ঘটনা হিসেবে দেখতে নারাজ আবু তাহের খান। তাঁর দাবি, তৃণমূল সরকারের সময় থেকেই তিনি বাইরে যাওয়ার আগে পুলিশকে জানালে সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ তাঁকে স্কট করে নিয়ে যেত। ফলে বর্তমান ব্যবস্থাকে ঘিরে অযথা রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেই তাঁর বক্তব্য।
আবু তাহের বলেন, তিনি আগে থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশি নিরাপত্তা পেতেন। এখন বিষয়টি সামনে আসায় নানা ধরনের আলোচনা হচ্ছে। তাঁর কথায়, “নিন্দুকেরা অনেক কিছুই বলবে।” অন্যদিকে, এই নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা। তাঁর অভিযোগ, এনসিপিআই সাংসদদের রাজনৈতিকভাবে সুবিধা দিতেই বিজেপি সরকার অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছে। লোকসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিলে সমর্থন পাওয়ার লক্ষ্যেই এই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এনসিপিআই আসলে বিজেপিরই ঘনিষ্ঠ শক্তি। যদিও এই বিষয়ে জেলা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসনের একটি সূত্রের দাবি, সাংসদের নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য ও মূল্যায়নের ভিত্তিতেই অতিরিক্ত স্কট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে আবু তাহের খানের নিরাপত্তা বৃদ্ধি নিছক রুটিন প্রশাসনিক পদক্ষেপ, নাকি এর নেপথ্যে রয়েছে কোনও নির্দিষ্ট আশঙ্কা—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।