চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক্কালে বুধবার সকাল থেকেই সরগরম বাংলার রাজনীতি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যারাথন নির্বাচনী প্রচার, আর অন্যদিকে বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জল্পনা— সব মিলিয়ে টানটান উত্তেজনা তৈরি হয় রাজ্যজুড়ে। যদিও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে পরিস্থিতির সামাল দিয়েছে।
এদিন সকালে আমডাঙার তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে উলুডাঙায় নির্বাচনী সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি হরিপালের করবী মান্না এবং হাওড়ার রানা চট্টোপাধ্যায় ও নন্দিতা চৌধুরীর সমর্থনে প্রচারে যাওয়ার কথা জানান। তবে রাজনৈতিক কর্মসূচির মাঝেও কবির গ্রেফতারি সংক্রান্ত গুজবে প্রবল বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সভা থেকে তিনি বলেন, সকাল থেকে ফোনের পর ফোনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। কেউ একজন কবি শ্রীজাতকে ফোন করে জানিয়েছেন যে তাঁর বাড়িতে পুলিশ যাচ্ছে এবং তাঁকে গ্রেফতার করা হতে পারে।
মুখ্যমন্ত্রী জানান, এই খবর শোনামাত্রই তিনি নিজে কবির সঙ্গে যোগাযোগ করেন। পুরো বিষয়টিকে সাজানো ঘটনা ও ভিত্তিহীন বলে দাবি করে মমতার তোপ, বাইরে থেকে আসা ভোটারদের আটকানো বা বাইক ও রেল চলাচলে কড়াকড়ি করার মতো পদক্ষেপগুলো নির্বাচন কমিশন করছে। এই আবহে কবি-সাহিত্যিকদের এভাবে হেনস্তা করা বা ভয় দেখানো কোনোভাবেই কাম্য নয়।
প্রসঙ্গত, বুধবার সকালে আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে কয়েক বছর আগের একটি পুরনো মামলার জেরে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রটে যায়। খবরটি ছড়িয়ে পড়তেই সাহিত্যিক ও শিল্পী মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। তবে বিতর্ক বাড়তে থাকায় বেলা গড়াতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে, শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। কমিশনের এই স্পষ্টীকরণের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলার সাংস্কৃতিক মহল।