চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জানুয়ারি মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের দাপট কিছুটা কমতে শুরু করেছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে, যার ফলে হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে আসবে। বিশেষ করে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নতুন বছরের শুরুতে যারা কড়া শীতের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই খবর কিছুটা নিরাশাজনক।
তবে এই উষ্ণায়ন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মূলত তাপমাত্রার এই সাময়িক বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পুনরায় শীতের আমেজ ফিরতে পারে। ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে উত্তুরে হাওয়া আবার সমতলে প্রবেশ করবে, যার ফলে ফের নামবে পারদ। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ও শুকনো থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান ও বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরে ও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই আলাদা। সেখানে শীতের তীব্রতা বজায় রয়েছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পার্বত্য এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিঙের উঁচুতে তুষারপাত এবং কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপটও বেশি থাকবে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।