চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : টোটো বা ই-রিক্সার বিনামূল্যে রেজিস্ট্রেশন, কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি এবং চালকদের জীবনরক্ষা পলিসি সহ সামাজিক সুরক্ষা– এই তিন দফা দাবিতে আন্দোলনে নামলেন সোনামুখীর টোটো চালকরা। শুক্রবার সোনামুখী শহর ও গ্রাম টোটো চালক ইউনিয়নের উদ্যোগে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও গণ-ডেপুটেশন অনুষ্ঠিত হয়।
টোটো ইউনিয়নের দাবি, রাজ্য সরকার ইতিমধ্যে টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। কিন্তু প্রতি বছরের রেজিস্ট্রেশন ফি প্রায় ১০ হাজার টাকা, যা কোনওভাবেই সাধারণ টোটো চালকদের পক্ষে সম্ভব নয়। তারা জানান, বছরে ব্যাটারি পরিবর্তন, ইলেকট্রিক চার্জ ও রক্ষণাবেক্ষণে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়। দৈনিক উপার্জন থেকে এসব খরচ মেটানোর পর হাতে তেমন কিছুই থাকে না। ফলে রেজিস্ট্রেশনের অতিরিক্ত আর্থিক বোঝা তাঁদের পক্ষে বহন করা অসম্ভব।
তাই রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে করা, টোটো চালকদের পাঁচ বছরের স্বীকৃতি প্রদান এবং দুর্ঘটনা বা বিপদের সময় চালকদের জন্য জীবনরক্ষা বিমা ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালুর দাবি জানান তাঁরা।অন্যদিকে, সোনামুখীর বিডিও নীলোৎপল চক্রবর্তী জানান, ‘ এটি সম্পূর্ণ সরকারী সিদ্ধান্তের বিষয়। টোটো চালকদের দাবিপত্র আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।‘ টোটো চালকদের দাবি পূরণে সরকারের হস্তক্ষেপের প্রত্যাশায় আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন ইউনিয়ন নেতৃত্ব।