চিত্রঃ নিজস্ব
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল আত্রাই খারিতে কঙ্কাল ভেসে আসার ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটে আত্রাই খারি সংলগ্ন আন্দোলন সেতুর কাছে। প্রত্যহ এই সেতুর পাশেই বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসে। এদিন সকালে বাজারে আসা কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতার নজরে পড়ে খারির জলে একটি কঙ্কাল ভেসে থাকতে দেখা যাচ্ছে।খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। আতঙ্ক ও কৌতূহলের মাঝে অনেকেই আন্দোলন সেতুর উপর দাঁড়িয়ে বিষয়টি দেখতে থাকেন। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ খারির ধার ঘেঁষে এলাকা ঘিরে রেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে কিংবা সেটি আদৌ মানুষের আসল কঙ্কাল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটি পাঠানো হতে পারে।ঘটনার প্রত্যক্ষদর্শী আন্দোলন সেতুর পার্শ্ববর্তী দোকানদার বিজয় রবিদাস বলেন, “সকালে দেখি খারির জলে একটা কঙ্কাল ভাসছে। তবে সেটা আসল না প্লাস্টিকের, বুঝতে পারিনি। পুলিশই ঠিক বলতে পারবে।”আরও এক প্রত্যক্ষদর্শী দেবানন্দ পাল জানান, “দূর থেকে দেখে কঙ্কাল মনে হচ্ছে। কিন্তু গায়ে কোনও মাংস বা চামড়া নেই। তাই থার্মোকলের বা নকলও হতে পারে।”এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কঙ্কালটি নিয়ে ধোঁয়াশা কাটছে না। বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তবেই নিশ্চিত করে কিছু বলা যাবে।