চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: স্টেট ইলেক্টোরাল রিভিশন (SIR) সংক্রান্ত নির্দেশিকা নিয়ে জারি হল গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতা প্রমাণকারী নথি হিসেবেই গ্রহণযোগ্য। কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর ২০২৫-এ জারি হওয়া এসআইআর গাইডলাইনের অধীনে এই শংসাপত্র গ্রহণ করা যাবে। তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ২ নভেম্বর ১৯৯৯ তারিখের নির্দেশিকা মেনেই শংসাপত্র ইস্যু হতে হবে।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, Representation of the People Act, 1950 অনুযায়ী ইআরও ও এআরও-রা শুধুমাত্র সেই স্থায়ী বাসিন্দা শংসাপত্রই গ্রহণ করবেন, যা ইস্যু করেছেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টর। অন্য কোনও কর্তৃপক্ষের জারি করা শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। এছাড়াও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ৭৪৮২(১৭)-পি নম্বরের চিঠি এবং পরবর্তী নির্দেশ অনুসারেই এই সার্টিফিকেট ইস্যু করতে হবে। নির্দেশিকা লঙ্ঘন করে ইস্যু করা কোনও নথি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
প্রশাসনিক সূত্রের মতে, এই চিঠির মাধ্যমে স্থায়ী বাসিন্দা শংসাপত্র সংক্রান্ত বিভ্রান্তি দূর করাই কমিশনের মূল উদ্দেশ্য। আসন্ন ভোট প্রক্রিয়ায় যাতে কোনও আইনি জটিলতা না তৈরি হয়, সেই কারণেই এই স্পষ্ট নির্দেশ।