চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: পার্থ দাস, বীরভূম: সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে শনিবার সকাল থেকেই মাইকিং করে প্রচার চালানো হলো। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্যোগে এই প্রচার অভিযান শুরু হয়েছে। জানা গেছে, রবিবার বিকেল আড়াইটায় ১৮ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের ডাকা হয়েছে একটি আলোচনাসভায়।
সেখানে এসআইআর সংক্রান্ত জটিলতা বা বিভ্রান্তি দূরীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটারদের কী কী নথিপত্র সঙ্গে রাখতে হবে, কারও নামের কোনো ভুল থাকলে কীভাবে সংশোধন করা যাবে— এসব বিষয়ে দিকনির্দেশ দেওয়া হবে সভায়।
মাইকিংয়ের মাধ্যমে এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ডসহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র ঠিকঠাক রাখার জন্য। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি না করে শান্তভাবে প্রয়োজনীয় নথি যাচাই করতে হবে। স্থানীয় তৃণমূল কর্মীদের মতে, মানুষের মনে যেন কোনো আতঙ্ক বা ভুল ধারণা তৈরি না হয়, সেই কারণেই আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি। এসআইআর সংক্রান্ত এই সচেতনতামূলক প্রচারে সাধারণ মানুষ ইতিমধ্যেই সাড়া দিয়েছেন বলে জানা গেছে।