ad
ad

Breaking News

Sikkim Earthquake

শনিবার সন্ধ্যায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, বাড়ছে আতঙ্ক

শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়।

Sikkim Earthquake 4.2 Magnitude Tremor Jolts Sikkim

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: সিকিমে আবারও ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হিমালয় পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। গত বৃহস্পতিবার ও শুক্রবারের রিখটার স্কেলে ধারাবাহিক কম্পনের পর শনিবার সন্ধ্যায় ফের কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের এই পাহাড়ি রাজ্য। এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.২। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘনঘন কম্পনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তীব্র হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর ভাগের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং এবং সমতলের শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও কম্পন টের পাওয়া গিয়েছে। এমনকি প্রতিবেশী দেশ নেপালের কিছু অংশও এই কম্পনে কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, কম্পন খুব অল্প সময়ের জন্য স্থায়ী হলেও এর তীব্রতা যথেষ্ট অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এবারের কম্পনের উৎসস্থলও ছিল সিকিমের গ্যালশিং।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই সিকিমের বিভিন্ন প্রান্তে মোট ১২ বার ভূমিকম্প হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই চব্বিশ ঘণ্টার ব্যবধানে নতুন করে কম্পন অনুভূত হওয়ায় পাহাড়বাসী স্বাভাবিকভাবেই ভীত। বারবার একই উৎসস্থল থেকে কম্পন সৃষ্টি হওয়ায় ভূতাত্ত্বিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। শনিবার সন্ধ্যার এই কম্পনের জেরে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন বহু মানুষ। বিশেষ করে বহুতল আবাসনগুলোতে আতঙ্ক ছিল সবথেকে বেশি। সিকিম প্রশাসন ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর সজাগ রয়েছে এবং পাহাড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।