চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: নদীয়ার শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার জেরে জনরোষের মুখে পড়লেন বিজেপি কাউন্সিলর। দীর্ঘ ২৫-৩০ বছর ধরে রাস্তার কোনো সংস্কার না হওয়ায় এবং বর্ষায় হাঁটু সমান জল জমার সমস্যায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়ে বিজেপি কাউন্সিলরকে চরম অস্বস্তিতে ফেলেছেন এলাকাবাসী।
শান্তিপুরের এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা কঙ্কালসার হয়ে পড়ে আছে। এর ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী—সবাইকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাদা ও গর্তে ভরা রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকে।
স্থানীয়দের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরই প্রতিবাদে এদিন ওয়ার্ডের পুরুষ ও মহিলারা একজোট হয়ে কাউন্সিলরের সামনেই ক্ষোভ উগরে দেন। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ সম্পন্ন না হলে তাঁরা একটিও ভোট দেবেন না।
বিক্ষোভের মুখে পড়ে কাউন্সিলর মহানন্দ বিশ্বাস অবশ্য সব দায় ঝেড়ে ফেলেছেন তৃণমূল পরিচালিত পৌরসভার ওপর। তাঁর দাবি, বিরোধী দলের কাউন্সিলর হওয়ায় পৌরসভা থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও বরাদ্দ মিলছে না। তবে কাউন্সিলরের এই যুক্তিতে শান্ত হননি বাসিন্দারা। ভোটের মুখে নিজেদের ওয়ার্ডে এই গণবিক্ষোভ বিজেপি শিবিরের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার, জনরোষ শান্ত করতে প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ দ্রুত কোনো পদক্ষেপ নেয় কি না।