Bangla Jago Desk: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। হাসপাতালে পরিদর্শনে এসে রাস্তার বেহাল চিত্র নজরে আসে জেলা সভাধিপতি কাজল শেখের।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এদিন হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তাদের সুবিধা-অসুবিধার। সঙ্গে ছিলেন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন এবং অন্যান্য আধিকারিকেরা।
পরিদর্শন শেষে হাসপাতালের ইমার্জেন্সির মূল প্রবেশ পথের রাস্তায় চোখ পড়তেই চমকে ওঠেন আধিকারিকরা। বড় বড় গর্তে ভর্তি রাস্তা, তার উপর বৃষ্টির জলে জমে তৈরি হয়েছে জলজট। এই রাস্তা দিয়েই প্রতিদিন টোটো কিংবা অ্যাম্বুল্যান্সে করে জরুরি অবস্থায় রোগীদের আনা-নেওয়া হয়। হাসপাতালের সুপার ডা. প্রকাশ চন্দ্র বাগ সভাধিপতির কাছে সরাসরি অভিযোগ জানান যে, দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত করুণ। রোগী বা রোগীর পরিবার সবাই সমস্যায় পড়ছেন।
শুধু রাস্তা নয়, ইমার্জেন্সি বিভাগের পাশেই নিকাশি ড্রেনও প্রায় বন্ধ হয়ে গেছে। সুপার জানান, ওই ড্রেনটি কার্যত অকেজো হয়ে গেছে, ফলে জল জমে বাড়ছে সমস্যা।সঙ্গে সঙ্গেই সভাধিপতি ফোনে জেলা পরিষদের এটিএম কৌশিক সেনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব এই রাস্তা ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে রোগীদের স্বার্থে।
সুস্থতার আশায় হাসপাতালে এলেও, রাস্তাঘাটের কারণে যেন আরও বিপাকে না পড়তে হয় রোগীদের—সেই দাবি উঠছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকেও।