চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: হাতে সময় মাত্র চার দিন, অথচ বকেয়া অভিযোগের পাহাড়। পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর (SIR) সংক্রান্ত প্রায় ৬০ লক্ষ অভিযোগ এখনও ঝুলে রয়েছে। এই পরিস্থিতিতে কাজের গতি বাড়াতে ওড়িশা ও ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে বিচারক নিয়োগ করা যাবে বলেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক জরুরি শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, বর্তমান জট কাটাতে ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদের সাহায্য নেওয়া ছাড়া আর কোনও পথ নেই (SC)।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা এই বিপুল পরিমাণ কাজ শেষ করার জন্য পর্যাপ্ত নয়। প্রায় ১ কোটি ২০ লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং ৩২ লক্ষ ‘অ্যানম্যাপড’ নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিদিন গড়ে ২৫০টি করে অভিযোগ নিষ্পত্তি করলেও এই কাজ শেষ করতে অন্তত ৮০ দিন সময় লাগবে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা, ফলে হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত।
ভিন রাজ্য থেকে বিচারক আনার প্রস্তাবের বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, অন্য রাজ্যের বিচারকদের পক্ষে বাংলা ভাষা ও উপভাষা বোঝা কঠিন হতে পারে। তবে প্রধান বিচারপতি এই যুক্তি খারিজ করে দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড একই প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল, ফলে ভাষার টান বা উপভাষা বুঝতে বিচারকদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় (SC)।
STORY | Bengal SIR: SC allows deployment of judicial officers from Jharkhand, Odisha for claim verification
The Supreme Court on Tuesday permitted the Calcutta High Court chief justice to deploy civil judges and also requisition judicial officers from neighbouring Jharkhand and… pic.twitter.com/92pE3fFICs
— Press Trust of India (@PTI_News) February 24, 2026
নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান যে, অতিরিক্ত তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা নেই এবং মনোনয়ন জমা দেওয়ার পরেও তালিকা প্রকাশ করা সম্ভব। এতে কিছুটা অতিরিক্ত সময় পাওয়া যেতে পারে।
জবাবে বিচারপতি বাগচী স্পষ্ট জানান, ২৮ ফেব্রুয়ারির পরবর্তী সময়ে যে অতিরিক্ত তালিকাই প্রকাশিত হোক না কেন, তা ওই তারিখের তালিকা হিসেবেই গণ্য করা হবে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই দ্রুত নিষ্পত্তির প্রয়োজন (SC)।