চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শীতের ভোরে সামশেরগঞ্জের তারাপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে তারাপুর হাসপাতালের পিছনের একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশ থেকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর আনুমানিক তিন বছর বয়সী শিশুপুত্রকে। খুনের এই নৃশংসতায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Samserganj)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ গ্রামবাসীরা বাগানের মধ্যে এক মহিলাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এবং ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিনের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দেখা যায়, বছর ২৮-এর এক মহিলার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে এবং তাঁকে আঁকড়ে ধরে রয়েছে তাঁর আহত সন্তান।
পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির ব্যবস্থা করে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির গাল ও কানের পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং সেখানে বেশ কয়েকটি সেলাই পড়েছে। মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে (Samserganj)।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৃহস্পতিবার ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মহিলার মুখ, গলা, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের ধারণা, কোলের সন্তানকে থাকা অবস্থাতেই ওই মহিলাকে আক্রমণ করা হয়, যার ফলে শিশুটিও আহত হয়েছে। তবে দুষ্কৃতীরা শিশুটিকে মৃত ভেবে ফেলে গিয়েছিল নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছেড়ে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, মৃত মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানা গেলে খুনের উদ্দেশ্য স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আপাতত একটি খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ (Samserganj)।