চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বিশাল জনসমর্থন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার নদিয়ার জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পোদ্দার। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের অংশগ্রহণে এদিন কৃষ্ণনগর শহর কার্যত উৎসবের মেজাজ ধারণ করে। জাতীয় সংগীত এবং নৃত্যকলা কুশলীদের অভিনব প্রদর্শনীর মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়ায় এক অনন্য চমক তৈরি করা হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমীর কুমার পোদ্দার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি দাবি করেন, কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ এখন কেবল পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছেন।
সরাসরি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকারের মদতপুষ্ট কমিশন ‘এসআইআর’ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬-এর এই বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে।
বিশেষ করে মতুয়া ভোটারদের ওপর আস্থা রেখে তৃণমূল প্রার্থী জানান, মতুয়া অধ্যুষিত এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “আমি মতুয়াদের ঘরের ছেলে হয়ে তাঁদের পাশে থাকতে চাই। নির্বাচনে জয়ের পর তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। কোনওভাবেই তাঁদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না।”
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরে এদিন তিনি দাবি করেন, কৃষ্ণগঞ্জের মানুষ তৃণমূলের উন্নয়নের পক্ষেই রায় দেবেন। সমীর পোদ্দারের এই হেভিওয়েট মনোনয়কে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।